বাংলাদেশ সংশ্লিষ্ট যুক্তরাজ্যের নতুন ভ্রমণ পরামর্শকে একটি রুটিন আপডেট হিসেবে বর্ণনা করেছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশন। এতে কোনো নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির বিষয় উল্লেখ করা হয়নি।
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের একজন মহিলা মুখপাত্র যুক্তরাজ্যের নতুন ভ্রমণ পরামর্শ দেয়ার একদিন পর বাসসকে বলেছেন, বাংলাদেশে ভ্রমণকারীদের জন্য এটি ছিলো তাদের নিয়মিত পরামর্শের আপডেট।
নতুন এই পরামর্শে ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ সফরে আসতে নিরুত্সাহিত করা হয়েছে কি-না এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই না।
গতকাল এই সতর্কতা জারি করা হয়। এ সময়ে ব্রিটিশ সরকারের বিবৃতিতে প্রতি বছরে বাংলাদেশে ৭৫ হাজারের বেশি ব্রিটিশ নাগরিকের বাংলাদেশ সফরের কথাও উল্লেখ করা হয়। অধিকাংশ ভ্রমণই হয় কোনো ঝুঁকি-ঝামেলা ছাড়াই।
ব্রিটিশ হাইকমিশনের অপর এক কর্মকর্তা সতর্কতা জারি সম্পর্কে ব্যাখ্যা করে বলেন, যুক্তরাজ্য কর্তৃপক্ষ বিদেশ সফরের ক্ষেত্রে তাদের নাগরিকদের সবসময় নিয়মিত আপডেট পরামর্শ দিয়ে থাকে। এতে তাদের বিদেশ সফরের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়।
তিনি বলেন, ব্রিটিশ নাগরিকের জন্য এ ধরনের পরামর্শ নিয়মিত দেয়া হয় এবং গতকাল জারি করা এই পরামর্শের অর্থ এই নয় যে, ইতোপূর্বে জারিকৃত সতর্কতা আরো জোরালো করা হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাজ্য কর্তৃপক্ষ এর আগে ২৮ সেপ্টেম্বর সতর্কতা জারি করে।