বাংলাদেশ ও চীনের লক্ষ্য অভিন্ন: চীনা রাষ্ট্রদূত

 
বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিংচিয়াং বলেছেন, বাংলাদেশ ও চীনের লক্ষ্য অভিন্ন। দুই দেশই তার জনগণের জীবনমান উন্নয়নে আপ্রাণ চেষ্টা করে চলেছে। একই নির্দেশিত পথে অগ্রসর হচ্ছে। এ জন্য দুই দেশকে পারস্পারিক সহযোগিতার সম্পর্ক জোরদার করতে হবে।
 
শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি ও চীনের ৬৬তম গণপ্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমির এই আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ, অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন, কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমেদ, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম প্রমুখ।
 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমির প্রধান উপদেষ্টা ও বিএনপি নেতা লে. জে, (অব:) মাহবুবুর রহমান।