অমিতাভের জন্য ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন রেখা!

 
এক সময় অমিতাভ বচ্চন ও রেখার প্রেম নিয়ে আলোচনায় মেতেছিল বলিউড। বেশ খানিকটা সময় পার হয়ে যাওয়ার পর এবার শোনা যাচ্ছে, অমিতাভের জন্য সময় কাটানোর জন্য শুটিংয়ের সময় নতুন করে নির্ধারণ করতে বাধ্য করেছিলেন রেখা। এমনকি ভাল ছবির প্রস্তাবও ফিরিয়েছিলেন তিনি। এমনটাই দাবি করেছেন, ৮০-এর দশকের পরিচালক ও অভিনেতা রণজিৎ।
 
রণজিতের দাবি, ‘করনামা’ ছবির জন্য রেখা, ধর্মেন্দ্র এবং জয়াপ্রদাকে কাস্ট করেছিলেন রণজিৎ। সেই ছবিরই শুটিং শিডিউল বদলাতে বলেছিলেন রেখা। কারণ তখন অমিতাভের সঙ্গে সময় কাটানো তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। রণজিৎ রেখার প্রস্তাবে রাজি হননি। তাতে রেগে গিয়ে চুক্তিবদ্ধ হওয়ার পর আগাম নেয়া টাকাও ফিরিয়ে দেন নায়িকা!
 
এর ব্যাখ্যা হিসেবে তিনি বলেন, পুরো বিকাল রেখার শুটিং ছিল। কিন্তু রেখা শুটিং সকালে সেরে ফেলার জন্য চাপ দেন। সকালে করতে গেলে আবার ধর্মেন্দ্রকে পাওয়া যেত না। তাই আমি রাজি হইনি।
 
এরপরই অগ্রিম টাকা ফিরিয়ে দেন রেখা। তবে ধর্মেন্দ্র রেখার চরিত্রের জন্য অনিতা রাজকে নেয়ার প্রস্তাব দিয়েছিলেন। শেষ পর্যন্ত ফারাহ, কিমি কাতকর এবং বিনোদ খান্নাকে নিয়ে ছবিটি তৈরি করেন পরিচালক।
 
সব মিলিয়ে রণজিতের মন্তব্যের পর অমিতাভ-রেখার অফস্ক্রিন রোমান্স নিয়ে ফের আলোচনায় মেতেছেন বলিউড। একাংশ বলছেন, যা রটে তার কিছু তো বটে! সে সময় তাদের রোমান্স নিয়ে যে গুঞ্জণ ছড়িয়েছিল তাকেই যেন ফের শিরোনামে তুলে নিয়ে এলেন রণজিৎ। খবর: আনন্দবাজার।