নাইজেরিয়ায় বিমান বিধ্বস্ত, চালকের মৃত্যু

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আদামাওয়া রাজ্যের রাজধানী ইয়োলায় শনিবার খারাপ আবহাওয়ার কারণে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির চালকের মৃত্যু হয়েছে।

বিমান বাহিনী এক কর্মকর্তা একথা জানান। বিমানটি একটি মিশন থেকে ঘাঁটিতে ফিরছিল। ওই কর্মকর্তা এক বিবৃতিতে বলেন, বিমানটি শত্রুপক্ষের ওপর হামলা চালিয়ে ঘাঁটিতে ফেরার সময় খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়েছে। বিমানটি শত্রুদের হামলায় বিধ্বস্ত হয়নি। স্থানীয় সময় বিকাল প্রায় ৪টা ২৩ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। আদামাওয়া রাজ্যের হংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ভাগ্যজনক এই ঘটনায় বিমানটি চালক নিহত হয়েছেন।

বিবৃতিতে বিমানটিতে কতজন যাত্রী ছিল তা জানানো হয়নি। ওই অঞ্চলের যে তিনটি রাজ্যে বোকো হারাম জঙ্গিদের তৎপরতা রয়েছে আদামাওয়া এদের একটি। জঙ্গি সংগঠনটির ৬ বছরের হামলায় কয়েকশ লোক প্রাণ হারিয়েছে। বিমান বাহিনী কর্তৃপক্ষ এই বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি তদন্ত করছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। বাসস