সামরিক কুচকাওয়াজের মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণের ৭০তম বার্ষিকী উদযাপনের দিনে উত্তর কোরিয়া বলেছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে লড়তে প্রস্তুত। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এই কথা বলেছেন।
শনিবারের কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এদিন তাকে হাসিখুশি ও আত্মবিশ্বাসী দেখাচ্ছিল বলে রয়টার্সের খবরে বলা হয়। অনুষ্ঠানে কিম বলেন, ওয়ার্কাস পার্টির বিপ্লবী রণসজ্জার অর্থ যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী আচরণের কারণে সৃষ্ট যে কোনো যুদ্ধের জন্য আমরা প্রস্তুত।
IMG0
কিমের বক্তব্যের সঙ্গে মিল রেখেই কুচকাওয়াজ অনুষ্ঠান শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে রেভল্যুশনারি ফোর্স যে ইউনিফর্ম পরে যুদ্ধ করেছিল ওই ধরনের ইউনিফর্ম পরে প্রথমে একদল সেনা কুচকাওয়াজ স্থল প্রদক্ষিণ করে।কুচকাওয়াজ শেষে অস্ত্র প্রদর্শনী ঘুরে দেখন কিম। রাজধানী পিয়ংইয়ংয়ের কিম (দ্বিতীয়) সাং স্কয়ারে কেন্দ্রস্থলে এই কুচকাওয়াজ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে কিমের পাশে উপস্থিত ছিলেন চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা লিউ ইউনশান। কিম যুদ্ধের প্রস্তুতির কথা জানালেও এদিন নিজেদের পারমাণবিক প্রকল্প নিয়ে কোনো কথা বলেননি। বুধবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছিলেন, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম পারমাণবিক অস্ত্র উত্তর কোরিয়ার হাতে আছে বলেই বিশ্বাস ওয়াশিংটনের। তাই তারা সবসময় এ ধরনের আঘাত প্রতিরোধে প্রস্তুত থাকে। রয়টার্স