'বিদেশি হত্যার মদদদাতাদের আইনের আওতায় আনা হবে'

বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে দেশ বিরোধী গভীর ষড়যন্ত্র জড়িত বলে মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, 'শুধুমাত্র হত্যাকারীদের নয়, হত্যাকারীর মদদদাতা ও আশ্রয় দাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।' রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী স্মরণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
হাছান মাহমুদ বলেন, 'শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিদেশি হত্যাকাণ্ড দেশ বিরোধী গভীর ষড়যন্ত্রেরই অংশ। যাতে দেশে বিদেশি বিনিয়োগ না আসে, রপ্তানিখাতে ধস নামানো ও দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্যই বিদেশিদের হত্যা করা হয়েছে।'
 
বিএনপি নেত্রী বেগম জিয়ার কঠোর সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, 'তিনি লন্ডনে বসে এখন তার ছেলের সঙ্গে ষড়যন্ত্র করছেন। তিনি দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এখন বিদেশের মাটিতে বসে দেশে বিদেশিদের হত্যার ষড়যন্ত্র করছেন। আমি আইন শৃ‌ঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাবো, বিএনপি নেত্রী দেশে ফিরলে তাকে যেন এ হত্যাকাণ্ডগুলোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়।
 
সৈয়দ মহসিন আলী স্মরণে হাছান মাহমুদ বলেন, 'মহসিন আলী অকপটে জনসম্মুখে সব কথা বলতে পারতেন। অনেকেই এটিকে তার দোষ বললেও আমি বলবো এটি ছিল তার বড় গুণ। মন্ত্রী হিসেবে অনেকের কর্মকাণ্ডের দোষ-ত্রুটির কথা পেপার-পত্রিকায় আসলেও কখনো মহসিন ভাইকে নিয়ে কিছু চোখে পড়েনি। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।'
 
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।