পাবনার পাকশী পুলিশ ফাঁড়ির এটিএসআই সুজাউল ইসলামকে (৩৫) হত্যার সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতারকৃত চারজনের পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। রবিবার পাবনা আমলী আদালত-২ এর বিচারক রেজাউল করিম এই আদেশ দেন।
তারা হলেন- খোকন হোসেন (৩২), জনি প্রামাণিক (২১), মাসুদ রানা (২৫) ও সেতু হোসেন (২৬)।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, জিজ্ঞাসাবাদের জন্য গত ৮ অক্টোবর আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) আবু ওবায়েদ।
এর আগে গত ৭ অক্টোবর রাতে পৃথক অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহভাজন হিসেবে তাদের আটক করে পুলিশ।
প্রসঙ্গত, গত ৪ অক্টোবর রাতের কোনো এক সময় পাকশী পুলিশ ফাঁড়ির এটিএসআই সুজাউল ইসলাম (৩৫) কে হাত-পা, মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।