‘দেশি-বিদেশি সবার জন্য বাংলাদেশ নিরাপদ’

 
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘দেশি-বিদেশি সবার জন্যই বাংলাদেশ নিরাপদ। বিদেশিদের উদ্বেগ-উত্কণ্ঠার কোনো কারণ নেই।’ 
 
রবিবার দুপুরে ব্র্যাক সেন্টারে ঢাকা জেলা পুলিশ আয়োজিত সাভারে বসবাসরত বেদে সম্প্র্রদায়কে বিকল্প পেশায় সম্পৃক্তকরণের লক্ষ্যে মৌলিক গাড়ি চালনা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ সব কথা বলেন।
 
আইজিপি বলেন, ‘বিদেশিদের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। দুই বিদেশি হত্যায় কোনো ষড়যন্ত্র আছে কি না, সেই রহস্য উদ্ঘাটনে অপেক্ষা করতে হবে।’
 
রহস্য উদ্ঘাটনে কত সময় লাগবে—এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মতামত দিতে পারব না। আশা করি—আমরা রহস্য উদ্ঘাটন করতে পারব।’