ভোটার তালিকা হালনাগাদে এবার উল্লেখযোগ্যসংখ্যক মৃত ভোটার খুঁজে পাননি তথ্য সংগ্রহকারীরা। দেশের অন্যান্য এলাকার তুলনায় এবার ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে মৃত ভোটার কর্তনের পরিমাণ খুবই কম। সারা দেশে এখন পর্যন্ত ৭ লাখ ১১ হাজার ৪০৩ জন মৃত ভোটারের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ঘনবসতিপূর্ণ দুই সিটিতে মৃত ভোটার মাত্র ৭ হাজার। ঢাকা সিটিতে ৫ হাজার ৬১৩ এবং চট্টগ্রামে ১ হাজার ৪৯০ মৃত ভোটারের শনাক্ত করা গেছে। তবে দুই সিটিত মৃত ভোটারের কাঙ্খিত তথ্য না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মৃত ভোটার কম হওয়ার বিষয়ে ইসি-সংশ্লিষ্টরা বলছেন—তথ্যসংগ্রহকারীদের গাফিলতি, সম্মানী কম এবং সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়হীনতার কারণে এবার মৃত ভোটার কম কর্তন হয়েছে। কমপক্ষে ১০ থেকে ১২ লাখ মৃত ভোটারের বিপরীতে প্রায় ৭ লাখ ১১ হাজার ৪০৩ জন মৃত কর্তন করা হয়। ফলে আগামীতে সব ভোটারদের জন্য যে স্মার্টকার্ড দেয়া হবে, তাতে কোটি কোটি টাকা গচ্চা যাবে।
এ বিষয়ে ইসি সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, ‘এবার মৃত ভোটারের তথ্য অপেক্ষাকৃত কম হওয়ায় উদ্বেগে আছি। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামে এ সংখ্যা খুবই কম। এ ক্ষেত্রে তথ্য সংগ্রহকারীদের পুনরায় বাড়ি বাড়ি গিয়ে এ সংক্রান্ত তথ্য হালনাগাদের নির্দেশ দিয়েছি।’