বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিত্। মঞ্চ, টেলিভিশন কিংবা চলচ্চিত্র সব জায়গাতেই তিনি তার অবস্থানটি ধরে রেখেছেন তার আপন সঙ্গীত প্রতিভার গুণে। আর দেশের সঙ্গীত শিল্পের উজ্জ্বল নক্ষত্র কুমার বিশ্বজিত্ এ পর্যন্ত দেশের অনেক চলচ্চিত্রের জনপ্রিয় সব গানে কণ্ঠ দিয়েছেন। পাশাপাশি তিনি বেশকিছু চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ করেছেন। তিনি একাধারে সঙ্গীতশিল্পী এবং সঙ্গীত পরিচালক। সম্প্রতি ‘জেদী’ শিরোনামের একটি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন কুমার বিশ্বজিত্।
এ বিষয়ে কুমার বিশ্বজিত্ জানান, ‘গান গাওয়ার পাশাপাশি আমি বেশ কয়েকটি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ করেছি। সম্প্রতি ‘জেদী’ শিরোনামের একটি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছি। এই চলচ্চিত্রের গানগুলো এখনকার সময়ের শ্রোতাদের চাহিদার ওপর ভিত্তি করে একটু ভিন্নভাবেই লেখা হয়েছে, আর গানের সাথে সঙ্গতি রেখে গানের সুরেও আনা হয়েছে ভিন্নতা। গানগুলোর কাজ এখনও চলছে। আশা করি কিছুদিনের ভেতরেই শেষ করতে পারবো। আর আমার ধারণা গানগুলো দর্শকদের ভালো লাগবে।’ চলচ্চিত্রে গান গাওয়ার বিষয়ে সব সময়ই কুমার বিশ্বজিত্ একটু বেশি সচেতন থাকেন। যে কারণে অপেক্ষাকৃত তাকে প্লে-ব্যাকে অন্য অনেকের মতো হর-হামেশা গাইতে দেখা যায় না। কিন্তু চলচ্চিত্রে যে গানগুলো তিনি গেয়েছেন তার সবগুলো গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে দারুণভাবে।