রাজধানীতে যুবককে কুপিয়ে টাকা ছিনতাই

রাজধানীর বনানী এলাকায় বেলাল হোসেন (২২) নামে এক যুবককে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চেয়ারম্যান বাড়ির সৈনিক ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।
 
ঘটনার সময় বেলাল হোসেনের সঙ্গে থাকা আল-আমিন বলেন, 'তারা ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকায় মেসার্স রুমানা ট্রেডার্স ও মায়ের দোয়া এন্টারপ্রাইজের কর্মচারী। কাজ শেষে বাড়ি ফেরার পথে সৈনিক ক্লাব সংলগ্ন ফুটওভারব্রিজের পাশে ৪-৫ জন ছিনতাইকারী বেলালকে এলোপাতাড়ি কোপায়। এরপর তার কাছে থাকা ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।' 
 
এ সময় ছিনতাইকারীরা আল আমিনকেও চড়-থাপ্পর মারে। আল আমিন বলেন, 'এরপর বেলালকে উদ্ধার করে আমি দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।'
 
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ জানান, বেলাল হোসেনকে চিকিৎসা দেয়া হচ্ছে। তার শরীরের কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।