সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযান পরিচালনার সমর্থনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ার বৈধ কর্তৃপক্ষকে সুস্থির হতে সহায়তা করে এবং রাজনৈতিক সমঝোতার পরিবেশ তৈরি করার জন্যই এই অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রুশ সরকারি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে মি. পুতিন এসব কথা বলেছেন। এসময় তিনি সিরিয়ার উদার বিদ্রোহী গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর বিষয়টি অস্বীকার করেছেন। তার দাবি, আইএসকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
পুতিনের বলেছেন, সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে যদি রাশিয়া সমর্থন না দেয় তাহলে, সিরিয়ার নিয়ন্ত্রণ নেবার পর এসব জঙ্গি গোষ্ঠী হয়তো রুশ সীমানার জন্য হুমকি হয়ে উঠতে পারে।
IMG0
এদিকে সিরিয়া প্রসঙ্গে সৌদি আরব ও রাশিয়ার মধ্যে যে মতপার্থক্য রয়েছে সে বিষয়ে সমাধান খুঁজতে সৌদি প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান-এর সাথেও সাক্ষাৎ করেছেন মি. পুতিন। সিরিয়ার যে সকল বিদ্রোহী গোষ্ঠীর উপরে রাশিয়া বোমা হামলা করছে, তার মধ্যে সৌদি সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীও রয়েছে বলে মনে করা হয়।
দেশ দুটির মধ্যে মতপার্থক্য কমানোর জন্য সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ভ্লাদিমির পুতিন একদিকে যখন বৈঠক করছেন, অন্যদিকে সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর বলেছেন যে, আসাদকে অবশ্যই ক্ষমতা থেকে সরে যেতে হবে।