ভারতের বিহার রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সোমবার সকাল সাতটা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকাল পাঁচটা পর্যন্ত।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ১০ জেলার ৪৯ আসনে সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট দেয়ার জন্য বুথে বুথে লম্বা লাইন পড়ে গেছে ভোটারদের। এখন পর্যন্ত গোলযোগের কোন খবর পাওয়া যায়নি।
প্রথম দফার নির্বাচনে ৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৫৪ জন নারী প্রতিদ্বন্দ্বী রয়েছেন। সোমবার ১ কোটি ৩৫ লাখ ৭২ হাজার ৩৩৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আজ যে ৪৯টি আসনে ভোটগ্রহণ হচ্ছে তার মধ্যে সর্বাধিক ৪১টি আসনে প্রার্থী দিয়েছে মায়াবতীর বহুজন সমাজ পার্টি। বিজেপি ২৭টি, জেডিইউ ২৪, আরজেডি ১৭, এলজেপি ১৩, কংগ্রেস ৮ এবং রাষ্ট্রীয় লোকসমতা পার্টি ছয়টি আসনে লড়ছে।
বিজেপির কাছে বিহারের ভোট অগ্নিপরীক্ষার শামিল৷ বিহারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের মূল প্রতিদ্বন্দ্বী ধর্মনিরপেক্ষ মহাজোটের দুই নেতা লালু-নীতীশের কাছে এবারের ভোট অস্তিত্ব রক্ষার লড়াই৷ এই নির্বাচনে শেষ হাসি কে হাসবে, মোদি-অমিত জুটি, না লালু-নীতীশ, তা জানতে অপেক্ষা করতে হবে ৮ নভেম্বর পর্যন্ত।