আঙ্কারায় শান্তি সমাবেশে জোড়া বোমা হামলা আইএসের কাজ বলে সন্দেহ করছেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। শনিবারের ওই হামলায় প্রায় একশ জন নিহত হন।
এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে সরকারের ধারণা দুজন আত্মঘাতী হামলাকারী বোমাদুটির বিস্ফোরণ ঘটায়। সরকারি হিসেবে ৯৭ জন নিহত হয়েছে তবে সমাবেশের প্রধান আয়োজক দলের দাবি নিহতের সংখ্যা ১২৮।
গত শনিবার আঙ্কারার প্রধান রেলস্টেশনের কাছে সমাবেশ যোগ দিতে জড়ো হওয়া লোকজনের মাঝে পর পর দুটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। সরকারি বাহিনী ও স্বাধীনতাকামী বামপন্থী পিকেকে বিদ্রোহীদের মধ্যে চলমান সহিংসতা বন্ধ করার দাবিতে সমাবেশটির আয়োজন করা হয়েছিল। তিন দিনের রাষ্ট্রীয় শোকের মধ্যেই হামলার প্রতিবাদে রবিবার বিশাল বিক্ষোভ সমাবেশ করা হয়।
IMG0
দেশটির প্রধানমন্ত্রী স্থানীয় এক টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে দাবি করেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে এই হামলা চালানো হয়েছে। আগামী ১ নভেম্বর এই নির্বাচন হওয়ার কথা রয়েছে। গত জুনের নির্বাচনে সরকার গঠন করার মতো আসন পায়নি কোন দল।
গত শনিবারের হামলায় নিহতদের অধিকাংশই কুর্দিপন্থী এইচডিপি দলের সমর্থক। দলটি এখন সবধরনের নির্বাচনী সমাবেশ বাতিল করার চিন্তা করছে। সূত্র: বিবিসি