মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার দিন গণনা শুরু

শুভ মহালয়ার মধ্য দিয়ে আজ সোমবার দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে আবাহন করলেন দেশের হিন্দু ধর্মাবলম্বীরা। আর এই শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার দিন গণনা শুরু হল।

এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে। ফুল, বেলপাতাসহ নানা উপাচারে সাজিয়ে, পূজা অর্চনা আর চন্ডীপাঠের মধ্য দিয়ে, কৈলাশ থেকে মর্তলোকে দেবীর আগমনী বার্তা দেয়া হল। এর মধ্য দিয়েই শুরু হল সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক ক্ষণগণনা। এ বছর দেবী দুর্গা ঘোটকে চড়ে আগমন করবেন আর প্রস্থান করবেন দোলায় চড়ে।

মহালয়া উপলক্ষে সনাতনী ধমাবলম্বীদের ভিড় ছিলো ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ রাজধানীর বিভিন্ন মন্দিরে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান পুরোহিত রঞ্জিত চক্রবর্তী বলেন, শুভ মহালয়ার মাধ্য দিয়ে আজ থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হল। প্রার্থনা করি, মঙ্গলময়ী মা আমাদের সবাইকে কৃপা করবেন। আজ মহাপূর্ণ তিথিতে মাকে ষোড়শ উপাচারে পূজা দিয়ে মায়ের আগমনী বার্তা, দেবীর পক্ষকে আহ্বান করা হয়েছে। মা আসছেন আমাদের মধ্যে।
শরৎকালে দুর্গাপূজার আয়োজন হয় বলে এই পূজাকে শারদীয় দুর্গোৎসবও বলা হয়। শ্রীরামচন্দ্র শরৎকালে সীতাকে উদ্ধার করতে যাওয়ার আগে অকালে দুর্গাপূজার আয়োজন করেছিলেন। তাই এ পূজাকে অকালবোধনও বলা হয়।

শুভ মহালয়া উপলক্ষে ‘মহানগর সার্বজনীন পূজা কমিটি’র আয়োজনে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভোর ৬ টায় মহালয়ার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর সকাল ৯টায় মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হয়।