হোসনি মুবারকের দুই ছেলেকে মুক্তি দেয়ার নির্দেশ

 
মিশরের একটি আদালত দেশটির সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের দুই ছেলেকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছে। রাষ্ট্রীয় অর্থ চুরির অভিযোগ নিয়ে তাদের আরেকটি আপিল বিবেচনাধীন রয়েছে দেশটির আদালতে। তবে এর জন্য তাদের আর কারাগারে থাকার প্রয়োজন নেই বলে জানিয়েছে আদালত। খবর রয়টার্সের।
 
মোবারকসহ তার দুই ছেলে আলা ও গামালের বিরুদ্ধ বহু মিলিয়ন ডলার রাষ্ট্রীয় অর্থ তছরুপের অভিযোগ রয়েছে। এই অর্থ প্রেসিডেন্টের প্রাসাদ ও পারিবারিক বাসভবনে ব্যয় করা হয়েছিল।
 
গত মে মাসে ৮৭ বছর বয়সী মোবারক ও তার দুই ছেলেকে তিন বছরের কারাদণ্ড দেয় দেশটির আদালত। কায়রোর সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোবারক।
 
সোমবার আদালতের নির্দেশে বলা হয়, আলা ও গামাল ইতিমধ্যে তিন বছরের কারাদণ্ড ভোগ করেছেন। তাদের বিরুদ্ধে আর যে অভিযোগগুলো রয়েছে তার জন্য তাদের আর কারাগারে থাকার প্রয়োজন নেই।
 
এর আগে জানুয়ারি মাসে এই দুজনকে মুক্তি দেয়া হয়েছিল। তবে আরেকটি আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় ফের জেলে নেয়া হয়েছিল তাদের। ২০১১ সালে গণআন্দোলনের মুখে মোবারক সরকারের পতন হয়েছিল।