মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল ও প্রশ্ন ফাঁস বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট আবেদনের শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. ইকবাল কবিরের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
রিট আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি রিট আবেদনটি দায়ের করেন।
রিটে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণ এবং প্রশ্ন ফাঁস বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।
এর আগে গত ২১ সেপ্টেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দের অপর একটি রিট খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জে এন দেব চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রিট খারিজ করে আদেশ দেন।
উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মধ্যে দিয়েই গত ১৮ সেপ্টেম্বর সারা দেশে একযোগে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।