ভারতের মুম্বাইতে বিজেপির সাবেক উপদেষ্টা সুধীন্দ্র কুলকার্নির মুখে শিবসেনা সমর্থকদের কালি মাখিয়ে দেয়ার ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফেদনাভিস বলেছেন, ‘শিবসেনা তাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে প্রকারান্তরে বদনামই কুড়িয়েছে।’ খবর এনডিটিভির।
দেবেন্দ্র ফেদনাভিস বলেন, ‘আমরা পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরির বইয়ের প্রকাশনা উত্সবের গুণকীর্তন করছি না কিন্তু শিবসেনার এ ধরনের কাজের মাধ্যমে আমরা এ রাজ্যকে একটা ব্যানানা রিপাবলিকও করতে পারি না।’
এ ঘটনার পর থেকে বিশ্লেষকরা মনে করছেন—মহারাষ্ট্রে বিজেপি ও শিবসেনার মধ্যে সম্পর্কের চিড় ধরবে।
শিবসেনার একটি সূত্র জানায়—তারা গুরুত্বপূর্ণ পৌর নির্বাচন বিজেপির সঙ্গে যে জোট বেঁধেছিল তা ছিন্ন করবে। নভেম্বর মাসের ১ তারিখে ওই নির্বাচন হওয়ার কথা।
শিবসেনা জানায়—কল্যাণ-দমবিভালি পৌরসভা নির্বাচনে তারা মোট ১২২টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে। কল্যাণ-দমবিভালি মুম্বাইয়ের স্যাটেলাইট শহর নামে পরিচিত। এখানে শিবসেনা ও বিজেপির বর্তমানে যৌথ কর্তৃত্ব রয়েছে। তাই বিজেপির সঙ্গে শিবসেনার বর্তমান এ টানাপোড়েনের কারণে এই নির্বাচনে প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফেদনাভিস বলেন, ‘আমরা সম্পর্কের ক্ষতির পক্ষে নই। তবে যদি কোনো বিদেশি মর্যাদাপূর্ণ ব্যক্তি বা কূটনৈতিক এখানে আসেন, তখন আমাদের অবশ্যই সন্মান দেখাতে হবে। রাষ্ট্রের দায়িত্ব তখন তার উপযুক্ত নিরাপত্তা বিধান করা।’
উল্লেখ্য, পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরির একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করায় সোমবার মুম্বাইতে কুলকার্নির ওপর কালি লেপনের ঘটনা ঘটে।