এ্যাপোলো হাসপাতালে ডাইরেক্ট ফ্রেশের রাসায়নিকমুক্ত সবজি

 
এখন থেকে এ্যাপোলো হাসপাতাল ঢাকায় রাসায়নিকমুক্ত নিরাপদ পুষ্টিকর সবজি ও ফল সরবরাহ করবে ডাইরেক্ট ফ্রেশ লি.। এই লক্ষ্য বাস্তবায়নে মঙ্গলবার প্রতিষ্ঠান দুটির মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। ডাইরেক্ট ফ্রেশ বছর ব্যাপি এ্যাপোলো হাসপাতালের জন্য সবজি ও ফল উৎপাদন ও সরবরাহ করবে।
 
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ডাইরেক্ট ফ্রেশ লি. এর ব্যবস্থাপনা পরিচালক মিশাল করিম বলেন, ঢাকা শহরের অধিকাংশ প্রতিষ্ঠান সবজি ও ফলমূল সরবরাহকারীর মাধ্যমে সংগ্রহ করে, যা কারওয়ান বাজারের মত পাইকারী বাজার থেকে ক্রয় করা হয়। পাইকারী বাজার থেকে ক্রয়কৃত সবজি ও ফলমূলের উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে জানা যায় না। অতিরিক্ত কীটনাশক, ক্ষতিকারক ফরমালিন ও কার্বাইড প্রয়োগের মাধ্যমে উৎপাদিত স্বাভাবিক পণ্যের পচনশীলতা রোধ এবং সুন্দর দেখানো এখন একটা নিয়মিত ব্যাপার।
 
মিশাল করিম আরো বলেন, ডাইরেক্ট ফ্রেশ 'বিস্পোক ফার্মিং সলিউশন'র আওতায় দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোকে তাদের কর্মকর্তা-কর্মচারী ও ভোক্তাদের জন্য নিরাপদ সবজি ও ফল উৎপাদন ও সরবরাহ করবে। তিনি বলেন, এ্যাপোলো হাসপাতালের মাধ্যমে এটা শুরু হলো এবং পরবর্তীতে অন্যান্য প্রতিষ্ঠান এই সলিউশনকে গ্রহন করবে বলে আশা করি।
 
এ্যাপোলো হাসপাতালে সবজি সরবরাহের জন্য ডাইরেক্ট ফ্রেশ একটি খামার প্রতিষ্ঠা করেছে। এই খামার থেকে উৎপাদিত নিরাপদ সবজি দিয়ে হাসপাতালে নিয়োজিত ১৭০০ জন কর্মকর্তা-কর্মচারী ও রোগী বছরে প্রায় ১০ লক্ষবার আহার গ্রহন করতে পারবেন।
 
এ্যাপোলো হাসপাতালের মহাব্যবস্থাপক অজিত ডি সিলভা বলেন, এই চুক্তির মাধ্যমে হাসপাতালের রোগী ও ডাক্তার এবং অন্যান্যদের জন্য কেমিক্যাল ফ্রি নিরাপদ সবজি ও ফল প্রাপ্তি নিশ্চিত হবে। চুক্তির একটি বিশেষ দিক হলো, এ জন্য কোন অতিরিক্ত পণ্যমূল্য দিতে হবে না এবং এ ক্ষেত্রে রোগীদেরকে বেশি অর্থ প্রদান করতে হবে না। তিনি আরো বলেন, সেবার মান ও রোগীর নিরাপত্তা আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। সংবাদ বিজ্ঞপ্তি।