রাজধানীর শ্যামপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. রাসেল (২৪) নামে আহত এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার মধ্যরাতে তার মৃত্যু হয়। রাসেলের বাড়ি খুলনা সদর এলাকায়। গত ১০ অক্টোবর শ্যামপুর বরইতলা এলাকায় রাসেল ছিনতাইকারীর কবলে পড়েন।
রাসেলের ফুফা ফারুক হোসেন জানান, তারা পশ্চিম জুরাইনে একটি বাসায় ভাড়া থাকেন। রাসেল খুলনা থেকে তাদের বাসায় বেড়াতে এসেছিলো। শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাসেল বরইতলা এলাকায় সে ২-৩ জন ছিনতাইকারীর কবলে পড়ে। পরে ছিনতাইকারীরা রাসেলের তলপেটে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ২ হাজার ৫শ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে রাসেলকে আহত অবস্থায় ঢামেকে ভর্তি করলে গতকাল মঙ্গলবার মধ্যরাতে মারা যায়। তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।