একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করেছেন জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। বুধবার সকালে সংশ্লিষ্ট শাখায় এই পিটিশন করেন ব্যারিস্টার শিশির মনিরসহ তার অন্যান্য আইনজীবীরা।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী দুপুরের দিকে রিভিউ পিটিশন করতে পারেন বলে জানা গেছে।
রিভিউ দায়ের প্রসঙ্গে সালাউদ্দিন কাদেরের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ইত্তেফাককে বলেন, বৃহস্পতিবার রিভিউ পিটিশন দাখিলের শেষ দিন। আমরা এ সময়ের মধ্যে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিভিউ দায়ের করব।
মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে সাক্ষাত্ করেন ব্যারিস্টার শিশির মো. মনিরের নেতৃত্বে একদল আইনজীবী কারাগারে গিয়ে মুজাহিদের সঙ্গে রিভিউ পিটিশন দায়েরের বিষয়ে আলোচনা করেন।