তুরস্কের রাজধানীতে একটি শান্তি সমাবেশে সম্প্রতি জোড়া বোমা বিস্ফোরণে ৯৭ জন নিহত হওয়ার ঘটনায় উর্ধ্বতন তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে তুরস্কের গণমাধ্যমে জানানো হয়েছে, আঙ্কারা প্রদেশের পুলিশ প্রধান এবং তার গোয়েন্দা প্রধান ও জননিরাপত্তা প্রধানকে বরখাস্ত করা হয়েছে। তুরস্কে স্মরণকালের সবচেয়ে বীভৎস এই সন্ত্রাসী হামলার ঘটনায় বিরোধীপক্ষরা সরকারের সন্ত্রাস ইস্যুতে গা ছেড়ে দিয়ে বসে থাকাকে দায়ী করেছে। তুরস্কের সরকার যে এই বিষয়ে নড়েচড়ে বসেছে সেটা এই সিদ্ধান্তেই বোঝা যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ঘৃণ্য এই সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আঙ্কারা প্রদেশের পুলিশ প্রধান এবং তার গোয়েন্দা প্রধান ও জননিরাপত্তা প্রধানকে বরখাস্ত করা হয়েছে। বিবৃতিতে অবশ্য এই কথা বলা হয়নি যে তদন্তের পরে এই কর্মকর্তারা নিজস্ব পদে ফেরত যাবেন। বাসস।