অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়ার তালিকা না থাকায় রাজধানীতে ১৬টি বাসকে জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত। বুধবার মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল বাশারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ বিষয়ে আবুল বাশার সাংবাদিকদের জানান, বুধবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য ১৬টি বাসকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী প্রত্যেক গাড়িতে ভাড়ার তালিকা থাকার কথা। বেশিরভাগ গাড়িতেই এটা দেখা যাচ্ছে না। এছাড়া যাত্রীরা অভিযোগ করছেন, চার টাকা থেকে ১০ টাকা পর্যন্ত বেশি ভাড়া নেয়া হচ্ছে; আমরা অভিযোগের সত্যতা পেয়েছি।’
গত ১ অক্টোবর থেকে গণপরিবহনে নতুন ভাড়া কার্যকর করে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাসের ভাড়া প্রতি কিলোমিটারে এক টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে করা হয় এক টাকা ৭০ পয়সা। আর মিনিবাসের ভাড়া এক টাকা ৫০ পয়সা থেকে বেড়ে এক টাকা ৬০ পয়সা হয়।