৩০ বছরে জগন্নাথ হল ট্রাজেডি

 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল ট্রাজেডির ৩০ বছর পূর্তি হচ্ছে বৃহস্পতিবার। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে হলের টিভি কক্ষের ছাদ ধ্বসে ৩৯ জন ছাত্র, কর্মচারী ও অতিথি প্রাণ হারান। নিহতদের স্মরণে দিনটিকে শোক দিবস হিসেবে পালন করে ঢাবি।
 
নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এক সভায় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের সকল হল ও প্রধান প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ; সকাল সাড়ে ৭টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক মিছিল নিয়ে জগন্নাথ হল স্মৃতিসৌধে গমন, পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন।
 
সকাল ৮টায় অক্টোবর স্মৃতি ভবনের টিভি কক্ষে আলোচনা সভা, ৯টা থেকে ১০টা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানদের প্রার্থনা সভা, বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও বিভিন্ন হলের মসজিদে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জগন্নাথ হল প্রশাসনের ব্যবস্থাপনায় নিহতদের তৈলচিত্র ও তৎসম্পর্কিত দ্রব্যাদি প্রদর্শন ও জগন্নাথ হল প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি। 
 
শোক দিবসের কর্মসূচীর অংশ হিসেবে সন্ধ্যা সাড়ে ৬টায় হল উপাসনালয়ে ভক্তিমূলক গানের অনুষ্ঠান, শোক সঙ্গীত ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হবে।