ঢাবির ‘গ’ ইউনিটে প্রতি আসনে লড়বে ৩৭ জন

 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ক্যাম্পাসে ৪৬টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ১০টি স্কুল-কলেজসহ মোট ৫৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়—এ বছর ১ হাজার ১৭০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৪৩ হাজার ২৩৪ জন। প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দেবে ৩৭ জন। পরীক্ষার সিট প্ল্যান বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে।