মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘সারা বিশ্বের মতো বাংলাদেশেও স্থানীয় নির্বাচন দলীয়ভাবে হওয়া বাঞ্ছনীয়। এতে জনপ্রতিনিধিদের জবাবদিহি আরো বাড়বে। দলীয় জনপ্রতিনিধির বিষয়ে দায়দায়িত্বও দল নেবে। দলীয়ভাবে স্থানীয় নির্বাচন করতে গিয়ে প্রথম বার অসুবিধা হলেও দীর্ঘমেয়াদে তা ভালো ফল আনবে।’
বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ‘স্থানীয় সরকার আইন: নারী প্রতিনিধিত্ব’ শীর্ষক সেমিনারে এ সব কথা বলেন তিনি।
‘অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ প্রকল্পের উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রহমান, খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোখসানা খন্দকার, প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক আরমা দত্ত, ইসি সচিবালয়ের যুগ্ম সচিব জেসমীন টুলী প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, সিটি করপোরেশনের নির্বাচন আইন সংশোধনের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।