অবশেষে এমপি লিটন গ্রেফতার

শিশু সৌরভকে গুলি করে হত্যার চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত দুটি মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) এর সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গতকাল রাতে রাজধানীর উত্তরার ৫ সেক্টরে এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দ পুলিশ। এর আগে গতকাল নিম্ন আদালতে লিটনের আত্মসমর্পণে হাইকোর্টের দেয়া নির্দেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গতকাল এই আদেশ দেন। এর ফলে লিটনকে গ্রেফতারে পুলিশের আর কোন আইনগত বাধা থাকল না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

 
 অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগের রায়ে বলা হয়েছে জামিন আবেদন নাকচ হলে আসামিকে কারাগারে পাঠাতে হবে।
 
উল্লেখ্য, এমপি লিটনের ছোড়া গুলিতে গত ২ অক্টোবর সৌরভ মিয়া (৯) নামে একটি শিশু গুরুতর আহত হয়। আহত শিশুর বাবা সাজু মিয়া ঘটনার পরদিন লিটনকে আসামি করে একটি মামলা করেন। এছাড়া ভাংচুর ও লুটপাটের অভিযোগে আরেকটি মামলা করেন হাফিজার রহমান নামে সর্বানন্দ ইউনিয়নের এক বাসিন্দা। দুটি মামলায় সোমবার হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান এমপি লিটন। হাইকোর্ট জামিন আবেদন খারিজ করে ১৮ অক্টোবরের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। এই নির্দেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও লিটনের পক্ষে ব্যারিস্টার মো. মোকছেদুল ইসলাম শুনানি করেন।