যুক্তরাষ্ট্রে পুলিশ হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে বুধবার এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০০১ সালে একটি নাইটক্লাবের বাইরে পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। 
 
চলতি বছর যুক্তরাষ্ট্রে এ নিয়ে ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হল।  টেক্সাস ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল জাস্টিসের মুখপাত্র জ্যাসন ক্লার্ক জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ৩১ মিনিটে হান্টসভিল কারাগারে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে লিকো এস্কামিলার (৩৩) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।  এ অপরাধ করার সময় এস্কামিলার বয়স ছিল ১৯ বছর। নাইট ক্লাবের পার্কিং লটে একটি বিবাদে জড়িয়ে পড়ার আগেই সে একটি খুনের আসামী ছিল। অফ ডিউটি পুলিশ কর্মকর্তা কেভিন জেমস ও অন্যান্য অফ ডিউটি কর্মকর্তারা বিবাদ থামাতে গেলে কেভিন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়। কেভিন সেখানে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন। বাসস।