খিজির হত্যার নেতৃত্বে তরিকুল: পুলিশ

 
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, টাঙ্গাইল থেকে গ্রেফতার হওয়া তরিকুল ইসলাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান খিজির খান হত্যায় নেতৃত্ব দিয়েছেন। তিনিই খিজিরকে গলা কেটে হত্যা করেছেন । বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ ব্রিফিংয়ে  এই তথ্য জানান।
 
খিজির হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বুধবার টাঙ্গাইল থেকে তরিকুল ইসলাম ও রাজধানীর মিরপুর থেকে মো. আলেক ব্যাপারী নামের দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
 
মনিরুল ইসলাম জানান, তরিকুল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) অন্যতম সংগঠক। ২০০৫ সালে সারা দেশে সিরিজ বোমা হামলার ঘটনায় করা মামলায় তিনি পাঁচ বছর কারাভোগ করেন।
 
তিনি বলেন, খিজির খান হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন আটজন। যে গাড়িতে করে হত্যাকারীরা এসেছিলেন, সেই গাড়ির চালক ছিলেন আলেক ব্যাপারী। হত্যাকারীরা দুই ভাগে ভাগ হয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। একদল তিনতলায় গিয়ে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। আরেক দল দ্বিতীয় এক হয়ে খিজির খানকে গলা কেটে হত্যা করে।
 
মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরিকুল ও আলেক জানিয়েছেন, ধর্মীয় মতাদর্শের কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
 
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বলেন, হত্যাকাণ্ডে সম্পৃক্তরা একে অপরকে চেনেন না। তবে অন্য হত্যাকারীদের দেখলে তরিকুল চিনতে পারবেন বলে জানিয়েছেন।
 
৫ অক্টোবর সন্ধ্যায় ঢাকার মধ্য বাড্ডায় নিজ বাসায় খিজির খানকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঐ বাড়ির দ্বিতীয় তলায় ‘রহমতিয়া খানকাহ শরিফ’ রয়েছে। খিজির খান সেখানকার পীর ছিলেন।