‘রাজধানীতে ১৩ হাজার স্বাস্থ্যসেবা কেন্দ্র’

 
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১২ হাজার ৮০৯টি স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে। এসব স্বাস্থ্যসেবা কেন্দ্রের ৯৪ শতাংশই বেসরকারি খাতে পরিচালিত। স্বাস্থ্য সুবিধার মধ্যে রয়েছে ১৮ শ ডাক্তার চেম্বার। ৩ হাজারের মতো ডাক্তারের চেম্বার-ফার্মেসির সাথে যুক্ত। এ ছাড়া, সিটি করপোরেশন এলাকায় ৫ হাজারের বেশি ফার্মেসি রয়েছে।
 
ঢাকা শহরের স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে প্রফেসর ডা. এলাইন এম অ্যাডামস পরিচালিত এক গবেষণায় এ সব তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) এই গবেষণায়  অর্থায়ন করেছে।
 
বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর আইসিডিডিআরবিতে নগরীর স্বাস্থ্যসেবা কার্যক্রম বিষয়ক এই গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ডা. আবুল কালাম আজাদ, আইসিডিডিআরবির উপনির্বাহী পরিচালক ডা. আব্বাস ভূইয়া প্রমুখ।