‘চার দেশের মধ্যে পরীক্ষামূলক যান চলাচল অক্টোবর-নভেম্বরে’

 
বাংলাদেশ, ভূটান, ভারত ও নেপালের মধ্যে পরীক্ষামূলক যান চলাচল এ বছরের অক্টোবর-নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে আগামী ২৯ অক্টোবর অথবা সুবিধাজনক সময়ে চট্টগ্রাম-ঢাকা-হাটিকুমরুল-রংপুর-বুড়িমারি বা চেংড়াবান্ধা (ভারত)-শিলিগুড়ি (ভারত)-জয়গাঁও (ভারত) বা ফুয়েন্টশোলিং (ভুটান)-থিম্পু (ভুটান) রুটে অথবা ভুটানের থিম্পু হতে থিম্পু (ভুটান)-ফুয়েন্টশোলিং (ভুটান)-জয়গাঁও (ভারত)-শিলিগুড়ি (ভারত)-চেংড়াবান্ধা (ভারত) বা বুড়িমারি-রংপুর-হাটিকুমরুল-ঢাকা-চট্টগ্রাম রুটে প্যাসেঞ্জার ট্রায়াল রান অনুষ্ঠিত হবে।’
 
বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ, ভূটান, ভারত-নেপাল মটর ভেহিকলস্ এগ্রিমেন্ট (বিবিআইএন এমভিএ) বিষয়ে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।
 
ওবায়দুল কাদের জানান, বিবিআইএন ফ্রেন্ডশিপ মটর র্যালি আগামী ১৪ নভেম্বর ভারতের উড়িষ্যা প্রদেশের ভুবনেশ্বর থেকে শুরু হয়ে বিহারের রাঁচি, পাটনা, নেপালের কাঠমান্ডু, বিরাটনগর, ভুটানের ফুয়েন্টসোলিং, থিম্পু, ভুমথাং, মঙ্গার, ভারতের আসামের গৌহাটি, শিলচর, ত্রিপুরার আগরতলা হয়ে ২৮ নভেম্বর তারিখ আখাউড়া অথবা ফেনীর বিলোনিয়া সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। র্যালিটি চট্টগ্রাম হয়ে ঢাকায় আসবে। ২৯ নভেম্বর ঢাকায় একটি সেমিনার অনুষ্ঠিত হবে।
 
৩০ নভেম্বর সকালে ঢাকা হতে ভারতের কোলকাতার উদ্দেশে যাত্রা শুরু করে বেনাপোল সীমান্ত অতিক্রম করে ভারতের কোলকাতায় গিয়ে শেষ হবে।
 
মন্ত্রী বলেন, ভারত সরকারের মনোনীত আয়োজক প্রতিষ্ঠান কলিঙ্গ মোটর স্পোর্টস ক্লাব, উড়িষ্যার উদ্যোগে বিবিআইএন ফ্রেন্ডশীপ মটর র্যালীতে যোগদানের জন্য ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড হতে ২ জন সরকারি কর্মকর্তা এবং বিআরটিসি ও এফবিসিসিআই হতে ২জন বেসরকারি প্রতিনিধি সমন্বয়ে ৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল গঠন করা হয়েছে।বাংলাদেশের প্রতিনিধি দলের সংখ্যা ৮ জনে উন্নীত করার জন্য ইতোমধ্যে ভারতের আয়োজক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হয়েছে। বিবিআইএন র্যালিতে কলিঙ্গ মোটর স্পোর্টস ক্লাবের ২০-২১টি কার অংশগ্রহণ করবে।
 
উল্লেখ্য,গত ১৫ জুন বিবিআইএন এমভিএ চুক্তি স্বাক্ষরের পরপরই থিম্পুতে বিবিআইএন র্যালি অনুষ্ঠানের লক্ষ্যে রুট সার্ভে উদ্বোধন করা হয়। ইতোমধ্যে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল অংশের সার্ভে সম্পন্ন করা হয়েছে। ভারতের ৪ সদস্যের একটি বিবিআইএন রুট সার্ভে প্রতিনিধি দল ১ অক্টোবর আগরতলা-আখাউড়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চট্টগ্রাম ও ঢাকা হয়ে বেনাপোল পর্যন্ত বাংলাদেশ অংশে সার্ভে সম্পন্ন করে।

খবর বাসসের।