‘প্যারিসে রামপাল নিয়ে প্রশ্নের মুখে পড়বে বাংলাদেশ’

 
ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে রামপালের কয়লা-ভিত্তিক বিদ্যুকেন্দ্র নিয়ে বাংলাদেশ প্রশ্নের মুখে পড়বে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সম্মেলনের আগেই এ নিয়ে সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পরামর্শ দেয়া হয় সংস্থাটির পক্ষ থেকে।
 
এ ছাড়া, জলবায়ু পরিবর্তনের প্রভাববিষয়ক বাংলাদেশের কয়েকটি প্রকল্পের অর্থ উত্তোলনে অনিয়ম হয়েছে বলেও টিআইবি জানায়।
 
বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডিতে টিআইবির প্রধান কার্যালয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ সব কথা বলেন।
 
আগামী ৩০ নভেম্বর থেকে প্যারিসে শুরু হবে জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-২১। জলবায়ু অর্থায়নে উন্নত দেশের প্রতিশ্রুতি এবং তহবিল ব্যবহারে বাংলাদেশের স্বচ্ছতার ওপর এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।