সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের

ফাঁসির রায় রিভিউ আবেদনে শুনানির দিন নির্ধারণে আবেদন

 
সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের ফাঁসির রায়ের রিভিউ আবেদনের উপর শুনানির জন্য দিন নির্ধারণের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় বৃহস্পতিবার আবেদন দুটি জমা দেওয়া হয়।
 
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান, দুটি আবেদন জমা দেওয়া হয়েছে। ২০ অক্টোবর চেম্বার বিচারপতির আদালতে এগুলো উপস্থাপন করা হবে।
 
একাত্তরে গণহত্যার দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির আদেশ বহাল রেখে দেওয়া আপিল বিভাগের চূড়ান্ত রায় প্রকাশিত হয় ৩০ সেপ্টেম্বর। পরদিন তাঁদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ওই দিনই কারা কর্তৃপক্ষ ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদ এবং গাজীপুরের কাশিমপুর কারাগারে সাকা চৌধুরীকে ওই পরোয়ানা পড়ে শোনান।
 
আপিল বিভাগের রায় অনুসারে, পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রায় রিভিউ আবেদন করতে হবে। আর পুনর্বিবেচনার আবেদন করার সঙ্গে সঙ্গে দণ্ড কার্যকর প্রক্রিয়া স্থগিত হয়ে যাবে। এ জন্য নির্ধারিত সময় শেষ হওয়ার একদিন আগে বুধবার (১৪ অক্টোবর) সাকা চৌধুরী ও মুজাহিদের পক্ষে ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন করা হয়। এতে বিষয়টি নিষ্পত্তির আগে তাঁদের দণ্ড আর কার্যকর করা যাবে না।