মত্স্য ভবনে অস্ত্রের মুখে সিউিউল ছিনতাই, ঠিকাদারকে পিটুনি

 
রাজধানীর মত্স্য ভবনে প্রকল্প পরিচালকের (পিডি) সামনে এক ঠিকাদারকে পিটুনি দেয়ার পর অস্ত্রের মুখে টেন্ডার সিডিউল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত ঠিকাদারের নাম শফি মাহমুদ হোসেন। 
 
বৃহস্পতিবার বিকালে মত্স্য ভবনের ষষ্ঠ তলায় ঠিকাদারের উপর হামলার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
জানা যায়—প্রাণী ও মত্স্য সম্পদ অধিদফতরের আওতায় গোলাপগঞ্জ, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জে মত্স্য ইনস্টিটিউট নির্মাণ প্রকল্পের প্যাকেজ সিডিউল বিক্রি করা হয়। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে শফি মাহমুদ হোসেন সিডিউল কিনতে মত্স্য ভবনের ষষ্ঠ তলায় প্রকল্প পরিচালক ড. রিয়াজ উদ্দিন সরকারের রুমে যান। সেখান থেকে টেন্ডার সিডিউল কেনার পর পরই প্রকল্প পরিচালকের রুমে তার উপস্থিতিতে টেন্ডারবাজ হাসান মোল্লা ও আলিম শিকদারের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী অস্ত্রের মুখে শফিকে জিম্মি করে বেধড়ক মারধর শুরু করে। একপর্যায়ে শফির কাছে থাকা সিডিউল ও সিডিউল কেনার ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
 
আহত শফি মাহমুদকে তার সহকর্মীরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে তিনি জানান—হাসান মোল্লা ও তার সহযোগী আলীম শিকদারসহ ৭-৮ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরেন। তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার সিডিউল ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। এ সময় তারা তাকে মারধর করে।
 
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, টেন্ডার জমা দিতে গিয়ে ঠিকাদারের ওপর মারধরের বিষয়ে কোনো অভিযোগ পুলিশের কাছে করা হয়নি। তবে আহত এক ঠিকাদার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা নেয়ার তথ্য তিনি শুনেছেন।