দেশে ফিরেছেন লাকী আখান্দ

দেশে ফিরেছেন দেশের গুণী সুরকার, সঙ্গীত পরিচালক ও মুক্তিযোদ্ধা লাকী আখান্দ। সপ্তাহখানেক আগে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন তিনি, আর এখন আছেন নিজ বাসায়। বেশ কিছুদিন আগে থাইল্যান্ডের হাসপাতালে তার শরীরে একটি সফল অস্ত্রোপাচার হয়, কিছুদিন পর শুরু হবে কেমোথেরাপি। আর এই ফাঁকে নিজের দেশে মাটির টানে ফিরে আসেন তিনি।

 
এ বিষয়ে তার পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্রে জানা যায়, আগামী ২০ অক্টোবর থেকে তার কেমোথেরাপি শুরু হবে। দ্বিতীয় পর্যায়ের চিকিত্সার জন্য ১৮ অক্টোবর তাকে আবার ব্যাংকক নিয়ে যাওয়া হবে। আর চিকিত্সক সূত্রে  বলা হয়, আগামী ছয় মাসে ছয়টা কেমোথেরাপি নিতে হবে লাকীকে।
 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর লাকীর চিকিত্সা সহায়তায় এগিয়ে আসে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। এবার এই শিল্পীর চিকিত্সার জন্য একলক্ষ টাকার চেক প্রদান করেছে মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইবি)। সম্প্রতি এমআইবির পক্ষে চেক প্রদান করেন প্রতিষ্ঠানটির সভাপতি একেএম আরিফুর রহমান।