ক্যামেরুনে সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

 
আফ্রিকার দেশ ক্যামেরুনে সেনা পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নাইজেরিয়াভিত্তিক বিদ্রোহী গ্রুপ বোকো হারাম মোকাবিলায় আফ্রিকান ইউনিয়নের (এইউ) জোটবাহিনীকে সহায়তা করতে তিন শতাধিক সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
 
বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্বাক্ষরিত কংগ্রেসের এক চিঠিতে এই বিষয়টি উল্লেখ করা হয়। চিঠিতে বলা হয়েছে, সেনা সদস্যরা যাওয়ার আগে সেখানে ৯০ জন সামরিক কর্মকর্তা পাঠানো হবে। চিঠিতে বলা হয়, ‘ক্যামেরুনে প্রায় ৩০০ সেনা মোতায়েন করা হচ্ছে।’
 
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেনা সদস্যরা নিজেদের আত্মরক্ষার জন্য অস্ত্র বহন করবে। যতদিন প্রয়োজন হবে ততদিন মার্কিন সৈন্যরা দেশটিতে অবস্থান করবে। ক্যামেরুন সরকারের আহ্বানেই এসব সৈন্য পাঠানো হচ্ছে বলেও খবরে উল্লেখ করা হয়। সূত্র: আল জাজিরা