ঐক্যবদ্ধভাবে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে স্বাধীনতা ও শেখ হাসিনার উন্নয়ন বিরোধী চক্র আবারো ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িকতার এ বিষফোড়াকে মোকাবেলা করতে হবে। শুক্রবার দিনাজপুরে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
জেলার বোচাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ৮৮টি পূজা মন্ডপে সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বর্তমানে দেশে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার দেশ পরিচালনা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছেন। দেশের সকল ধর্ম-বর্ণের মানুষ আজ শান্তিপূর্ণ ভাবে বসবাস করছে। তাদের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত হয়েছে।
খালিদ মাহমুদ বলেন, কিন্তু মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা কোন প্রকার ইস্যু ছাড়াই দেশের উন্নয়নের ধারাকে ব্যহত করতে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই সাম্প্রদায়িক শক্তি বিনষ্ট করতে তারা তৎপর। খালেদা জিয়া দেশে থেকে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে এখন বিদেশে গিয়েও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিদেশি হত্যা করাচ্ছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেও তিনি তৎপর। তাই সবাইকে সতর্ক হতে হবে।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর ভদ্র রায়, সাধারণ সম্পাদক বিশ্বনাথ চক্রবর্তীসহ ৮৮টি পূজা মন্ডপের সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। পরে প্রতিটি পূজা মন্ডপে ১১ হাজার ২শত টাকা ও পূজা মন্ডপের সভাপতি সম্পাদককে উন্নত মানের ধুতি প্রদান করা হয়।