বিএনপি চেয়ারপার্সনকে নিয়ে প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন মহল থেকে করা মন্তব্যকে 'মনগড়া ও আজগুবি' বলে জানালো বিএনপি'র মুখপাত্র আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী গত কয়েকদিন ধরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিদেশে বসে ষড়যন্ত্র করার অভিযোগ তুলছেন। আমাদের চেয়ারপারসন চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। সরকার কতটা অমানবিক হলে দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দলের নেতার প্রতি এরকম ‘মনগড়া, আজগুবি’ মন্তব্য করতে পারেন।
এ ধরনের অভিযোগ 'রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না' মন্তব্য করে খালেদা জিয়ার বিরুদ্ধে 'অপপ্রচার থেকে' বিরত থাকতে সরকারপ্রধানের প্রতি আহ্বান জানান রিপন।
বিএনপি 'গণতান্ত্রিক পন্থায়' রাজনীতি করে দাবি করে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিপন বলেন, 'জ্বালাও-পোড়াও রাজনীতির সঙ্গে আমাদের দলের কোনও সংশ্লিষ্টতা নেই, ছিল না।' সংবাদ মাধ্যমের বরাত দিয়ে তিনি পাল্টা অভিযোগ করেন, পেট্রোল বোমা ছোড়া ও অগ্নিসংযোগের ঘটনায় ‘সরকারের লোকেরা’ জড়িত।