ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা চলাকালে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করায় সঞ্জয় কুমার সাহানী নামের এক পরীক্ষার্থীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জালিয়াতি চেষ্টার সাথে জড়িত থাকায় মেহেদী হাসান নামের আরেকজনকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করবে বলে জানা গেছে।
জানা গেছে—বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার কেন্দ্রে সঞ্জয় কুমার সাহানী এবং মেহেদী হাসান নামের দুই ভর্তিচ্ছুকের পরীক্ষার রোল নম্বর একই পাওয়া যায়। বিষয়টি জানতে পেরে কেন্দ্রে কর্তব্যরত পরিদর্শকরা তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে পাঠিয়ে দেন।
পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানা যায়—সঞ্জয়ের নামে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কোনো রেকর্ড নেই। তাই তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়। আর মেহেদী হাসানকে ছেড়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় প্রক্টর অফিসে ঢাকা জেলা প্রশাসক অফিসের নির্বাহী ম্যাজেস্ট্রেট শারমিন সুলতানা এ রায় দিয়ে বলেন—১৯৮০ সালের ‘পাবলিক পরীক্ষা আইন’-এর ৩(খ) ধারায় তাকে এ শাস্তি দেয়া হয়।
এ দিকে, এ ঘটনায় জড়িত থাকায় মেহেদী হাসানকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, ‘এ ঘটনায় তিনজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এদের একজনকে এক বছরের কারাদণ্ড, আরেকজনকে থানায় সোর্পদ করা হয় এবং অন্যজনকে ছেড়ে দেয়া হয়।’