হাঙ্গেরি সীমান্ত বন্ধ করে দিয়েছে ক্রোয়েশিয়ার সঙ্গে। এর পর ক্রোয়েশিয়া বলছে তারা এখন শরণার্থীদের স্লোভেনিয়ার দিকে পাঠিয়ে দেবে। খবর বিবিসির।
হাঙ্গেরির ভেতর দিয়েই শরণার্থীরা অস্ট্রিয়া এবং জার্মানিতে প্রবেশ করে।
হাঙ্গেরি চেয়েছিল শরণার্থীরা যাতে গ্রিসে ঢুকতে না পারে। আর সেজন্য ইউরোপীয় ইউনিয়ন সীমান্তে নিরাপত্তা বাহিনী পাঠানোর ব্যাপারে উদগ্রীব।
কিন্তু এই বিষয়ে ইউরোপীয় নেতারা শুক্রবার একমত হতে পারেনি। এরপরই হাঙ্গেরি তাদের সীমান্ত বন্ধ করে দেয়।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তাদের এই পদক্ষেপ যে সবচেয়ে ভালো ব্যবস্থা তা নয়।
তবে এই মূহুর্তে ক্রোয়েশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়াকে দ্বিতীয় সর্বোত্তম ব্যবস্থা হিসেবে তিনি বর্ণনা করেছেন। হাঙ্গেরি এর আগেই সার্বিয়ার সাথে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছিল।