ভারতে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জামের কারখানা তৈরির অংশ হিসেবে এবার অ্যাপাচি হেলিকপ্টার তৈরি করতে চাইছে বোয়িং। শক্তিশালী দেশগুলির বিমানবাহিনীর অন্যতম ভরসা যে চিনুক হেলিকপ্টার, ভারতে সেই চিনুক তৈরির কথাও ভাবছে বোয়িং। খবর আনন্দবাজার পত্রিকার।
বোয়িংয়ের সিইও জেমস ম্যাকনার্নি একটি নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাত্কারে ভারতে অত্যাধুনিক সামরিক হেলিকপ্টার তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন। ভারতে শুধু হেলিকপ্টার তৈরি করেই ক্ষান্ত থাকবে না বোয়িং। ম্যাকনার্নি জানিয়েছেন, তাদের হেলিকপ্টার তৈরির অত্যাধুনিক প্রযুক্তিও তারা ভারতের হাতে তুলে দেবেন। সেই প্রযুক্তি ভারত চাইলে অন্য ক্ষেত্রেও ব্যবহার করতে পারবে। নরেন্দ্র মোদীর সরকার বোয়িংয়ের এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবেন বলেই ম্যাকনার্নির আশা।
চিনুক থাকলেও অ্যাপাচি এখনও চীনা বিমানবাহিনীর নাগালের বাইরে। পাকিস্তানের কাছে এই দুই কপ্টারের কোনোটাই নেই। ভারতের হাতে অ্যাপাচি এবং চিনুক আগে থেকেই রয়েছে। তবে সংখ্যায় কম। অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম কিনতে হলে ভারতকে এখন বিদেশি সংস্থার হাতে বরাত দিয়ে দীর্ঘ দিন অপেক্ষা করতে হয়। বিশেষজ্ঞরা বলছেন—অ্যাপাচে বা চিনুক ভারতে তৈরি হওয়া শুরু হলে সামরিক ক্ষেত্রে এক ধাক্কায় অনেকটা এগিয়ে যাবে ভারতীয় বিমানবাহিনী।