করাচির পরিস্থিতি আগের চেয়ে ভালো: নওয়াজ শরিফ

 
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, দেশের অবস্থা বিশেষ করে করাচির অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো। দেশে বিনিয়োগ এখন বাড়ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভও আশানুরুপ। শুক্রবার পাঞ্জাবের হাভেলি শাহ শহরে ১২৩০ মেগাওয়াট একটি বিদ্যুত্ কেন্দ্রের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ দিকে, করাচির বর্তমান পরিস্থিতি নিয়ে এমকিউএম শীর্ষ নেতা ফারুক সাত্তার বলেছেন, সেখানকার পরিস্থিতি খুবই নাজুক। যেকোনো মুহূর্তে তা বিষ্ফোরোন্মুখ আকার ধারণ করতে পারে। খবর ডন ও টাইমস অব ইন্ডিয়ার।
 
নওয়াজ শরিফ বলেন, স্বচ্ছতা ও দক্ষতা থাকলে শত শত কোটি রুপি রক্ষা করা সম্ভব। আর তার সরকার এ বিয়য়টি রক্ষায় বদ্ধপরিকর। তিনি বলেন, সরকার তিনটি বিদ্যুত্ প্রকল্প থেকে ৫৭০ বিলিয়ন রুপি রক্ষা করতে পেরেছে। দেশে আজ মুদ্রাস্ফীতি সর্ব নিম্ন পর্যায়ে। বৈদেশিক মুদ্রার রিজার্ভও এ যাবত্কালের সর্বোচ্চ পর্যায়ে। করাচি এবং দেশের অন্যান্য স্থানের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। এ ছাড়া, বিদেশি বিনিয়োগও আবার আসছে।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ, গভর্নর মালিক রফিক রাজওয়ানা,কেন্দ্রীয় মন্ত্রী শিকান্দার বোসানসহ আরো অনেকে।
 
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দেশের পরিস্থিতি নিয়ে যখন এমন মন্তব্য করলেন তখন এমকিউএমের শীর্ষ নেতা ফারুক সাত্তার যুক্তরাষ্ট্রকে বলেছেন, করাচির পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক খারাপ। এখন থেকে যদি পদক্ষেপ না নেয়া হয়, তাহলে পরিস্থিতি যেকোনো সময় বিষ্ফোরোন্মুখ হতে পারে। তারা যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানান, পাকিস্তানের নেতৃত্ব বিশেষ করে নিরাপত্তা বাহিনী সন্ত্রাস দমনের নামে তাদের যেন আর টার্গেট না করে।
 
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুক্রবার বৈঠককালে ফারুক সাত্তার এ সব কথা বলেন।