২০১৬ সালের পরও মার্কিন সামরিক সদস্যদের আফগানিস্তানে রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সেনাদের না সরানোর ওই সিদ্ধান্ত নেন। খবর বিবিসির।
দেশটিতে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় এর মোকাবিলায় কঠোর অবস্থানে রয়েছে সরকার। এ সময়ে মার্কিন প্রশাসনের এমন পদক্ষেপ নিয়ে আফগান সরকার জানায়—এটি দেশে স্থিতিশীলতা আনায়নে সহায়তা করবে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে—২০১৭ সালের প্রথম কয়েক মাস পর্যন্ত তাদের সৈন্যরা সেখানে থাকবেন। দেশটিতে ওই সময় অব্দি সাড়ে ৫ হাজার সেনা তারা মোতায়েন রাখবেন। এর আগে ২০১৬ সালের শেষ নাগাদ দেশটি থেকে সকল সেনা প্রত্যাহার করে নেয়ার কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন। এ সময়ে এক হাজার সৈন্য মোতায়েন রাখার সিদ্ধান্ত ছিল তাদের।
এ দিকে, ইউএস সৈন্যদের আফগানিস্তান থেকে বিতাড়িত করতে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে তালেবানরা। বর্তমানে দেশটিতে ৯ হাজার ৮০০ মার্কিন সেনা অবস্থান করছেন। তারা বিভিন্ন সন্ত্রাস-বিরোধী অভিযান এবং আফগান সেনাদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন।