হত্যার হুমকি: শাহবাগ থানায় ইমরানের জিডি

 
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে এক যুবক হত্যার হুমকি দিয়েছে। শনিবার সকাল সোয়া ১০টার দিকে তার ফেসবুকে আরাফ আল ইসলাম নামে ওই যুবক প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সন্ধ্যায় শাহবাগ থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করেছেন তিনি।
 
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, গণজাগরণ মঞ্চের মুখপাত্রকে হুমকি দেয়ার ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে তার নিরাপত্তা ব্যবস্থা দেয়া হবে।
 
ইমরান এইচ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার ফেসবুক পেজে পরপর তিনবার হুমকি দেয়া হয়েছে। সর্বশেষ শনিবার সকাল ১০টা ১৯মিনিটে আরাফ আল ইসলাম নামে এক যুবক লিখেছেন ‘তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। বিদেশিদের যেভাবে হত্যা করা হয়েছে, তোমাকে ঠিক সেভাবে হত্যা করা হবে।’
 
ইমরান বলেন, ‘ময়মনসিংহ এলাকার যে কোনো একটি কম্পিউটার থেকে ইন্টারনেট লাইন ব্যবহার করে ওই যুবক হুমকি দিয়েছে।’
 

এ ব্যাপারে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেন, ‘গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে হুমকি দেয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে।’