ভারতে ট্রাক-বাস সংঘর্ষে ১৫ বরযাত্রী নিহত

 
ভারতের অন্ধ্র প্রদেশে  ট্রাক-বাস সংঘর্ষে এক বরযাত্রী দলের ১৫ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া, এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। শনিবার অন্ধ্র প্রদেশের প্রকাসম জেলার কান্দুকুর শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই ট্রাকের যাত্রী ছিলেন। খবর এনডিটিভির।
 
পুলিশ বলেছে—বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে কান্দুকুর থেকে আসা বরযাত্রীবাহী  ট্রাকটির সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। কান্দুকুর থানার এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান—দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়। সংঘর্ষের ফলে বাসটিতে আগুন ধরে যায়। তবে অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বাসটিতে কোনো যাত্রী ছিল না। আহতদের ওঙ্গোলের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পুলিশ জানায়—ছোট ওই ট্রাকটিতে ৪০ জন যাত্রী ছিল। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় ট্রাকটি দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পর থেকে বাসচালক ও তার সহকারী পলাতক রয়েছেন।