রাজধানীর ভাসানটেকস্থ দেওয়ানবাগে নির্মাণাধীন ১১তলা ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে ইউসুফ আলী (২০) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। শনিবার সকাল ৯টার দিকে এ র্ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলীর বাবার নাম আফকার আলী। চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট উপজেলার তাদের বাড়ি।
নিহতের সহকর্মী জহিরুল ইসলাম জানান—ভাসানটেকস্থ দেওয়ানবাগের হাসান মোল্লার নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন তারা। সকালে কাজ করার সময় ইউসুফ আলী হঠাত্ করে ছাদ থেকে পড়ে যান। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় দুপুর পৌনে ২টার দিকে তিনি মারা যান। বর্তমানে তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।