শুক্রবার চতুর্থবারের মতো অায়োজিত গুগল ডেভফেস্ট-২০১৫ সম্মেলনে সারা দেশ থেকে অংশ নেন ১১০০ জন ডেভেলপার। ঢাকা, রাজশাহী ও দিনাজপুরে একযোগে অনুষ্ঠিত হয় এবারের ডেভফেস্ট। গুগল ডেভেলপার গ্রুপ ২০১২ সাল থেকে এই ডেভফেস্ট আয়োজন করে আসছে।
এরআগে গত ১০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ‘অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট ফর বিগেনার্স’ শিরোনামে বিশেষ স্টাডি জ্যাম সেশন আয়োজন করে এক হাজার ১৭২ জন অ্যান্ড্রয়েড ডেভেলপার তৈরি করে গুগল বাংলাদেশ। শুক্রবার ডেভফেস্টের দিনব্যাপী কর্মশালায় এই ডেভেলপারদের আরও দক্ষ করে তোলা হয়।
রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসের তিনটি দলে ভাগ হয়ে চারশো ডেভেলপার অংশ নেন। সেখানে অ্যান্ড্রয়েড ডেভেলপ ছাড়াও কয়েকটি সেশন অনুষ্ঠিত হয়। দিনাজপুরে ডেভফেস্টে ৩৭টি দলে ভাগ হয়ে অ্যাপস প্রতিযোগিতায় অংশ নেয় সাড়ে পাঁচশো প্রতিযোগী। অন্যদিকে রাজশাহীতে অংশ নেয় ১৫০ জন ।
এবারের ডেভেফেস্টে গুগল কমিউনিটি, লোকাল গাইড, ডিজাইন মেটারিয়াল, অ্যান্ড্রয়েড এম, টাইটেনিয়াম মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির বিষয়ে আলোচনা করা হয়। তিনটি শহরেই অনুষ্ঠিত ডেভফেস্টে আলোচনায় অংশ নেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এদের মধ্যে ছিলেন, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখশান্দ, গুগলের কান্ট্রি মার্কেটিং কনসালটেন্ট হাশমী রাফসানজানি, গুগল উইমেন টেকমেকারের বাংলাদেশ লিড ফারাহ নাজিফা।
দুটি বিশেষ সেশনে অ্যান্ড্রয়েড এম নিয়ে আলোচনা করেন সাব্বির আহমেদ রেজন, খালেদ সাইফুল্লাহ এবং মেটারিয়াল ডিজাইন নিয়ে কথা বলেন মাহবুব হাসান। ঢাকাতে অনুষ্ঠিত বিকেলের সেশনের প্যানেল আলোচনায় বিক্রয় ডটকমের ম্যানেজিং ডিরেক্টর মারটিন মেলমস্টরোম, গ্রামীণফোনের হেড অব ডিজিটাল সার্ভিস মুনতাসির হোসাইন, আমারা স্মার্ট সলিউশন এর হেড অফ বিজনেস সোলাইমান সুখন, এলিট মোবাইলের ম্যানেজিং ডিরেক্টর আশফাক মনির অংশ নেন। প্যানেলটি মডারেট করেন গুগলের ডেভলপার কমিউনিটি ম্যানেজার আরিফ নিজামী ।