ঢাকা থিয়েটার প্রযোজনায় জাতীয় নাট্যশালার মূল মঞ্চে মঞ্চায়ন হলো ‘ঊষা উত্সব’। সেলিম আল দীনের রচনায় ও সামিউন জাহান দোলার নির্দেশনায় গতকাল সন্ধ্যায় ঊষা উত্সব-এর প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়।
গারো নৃ-গোষ্ঠির জীবনযাপন নিয়ে ঊষা উত্সব রচিত হয়েছে। আর নাট্য, গীত, নৃত্যের সমন্বয়ে নাটকটি মঞ্চায়িত হয়। এই নাটকটিতে নৃত্যের প্রাধান্য থাকায় নৃত্যনাট্যও বলা যেতে পারে নাটকটিকে। গারোদের ঈশ্বর রাবুকাকে নাটকের বিবেক রূপে উপস্থাপন করা হয়। পৃথিবী যখন হানাহানি, রক্তারক্তি বেড়ে যাচ্ছিল তখন তাতারা রাবুকার কণ্ঠ থেকে বেরিয়ে আসে, ‘একটা কিছু চাও যদি খোঁজ।’ আর খুঁজতে খুঁজতে পাওয়া গেল শান্তির উত্স পাতালিপুরীতে পবিত্র জল সিথিথাম্পার। এই পবিত্র জল পান করেই হত্যা ও ভেদাভেদ ভুলে নাচে-গানে মেতে ওঠে সবাই। এ ভাবেই সেই অন্ধকার রাত কেটে শান্তির ঊষায় আলোকিত হয় পৃথিবী।