রাজধানীতে জুতার কারখানায় আগুন, দগ্ধ ৩

রাজধানীর সিদ্দিকবাজারের মতিসরদার রোডে একটি জুতার কারখানায় আগুন লেগে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে পাঁচতলা ম্যাক্সিমাস-সু কারখানা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। 
 
দগ্ধরা হলেন- আলাউদ্দিন (১৯), রবিন হোসেন (২০) ও সুজন মিয়া (২০)।
 
কারখানার মালিক মুনির হোসেনের ভাই মাসুদ মিয়া জানান, রাতে কাজ চলছিল। রাত ৩টার দিকে কাজের প্রায় শেষ সময় বিদ্যুতের আরথিং থেকে পাশের ফোমে আগুন ধরে যায়। এতে দ্রুত আগুন ছড়িয়ে যেতে থাকে। আগুন নেভাতে গিয়ে ওই তিনজন দগ্ধ হন। তাদের সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
 
ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক জানান, দগ্ধদের চিকিৎসা চলছে। এর মধ্যে ৪০ শতাংশ পুড়ে যাওয়া আলাউদ্দিনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক।