শারদীয় দুর্গা পূজার প্রতিমা বিসর্জন ও পবিত্র আশুরার তাজিয়া মিছিল একই দিন পড়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের জন্য সময় বেঁধে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রবিবার ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এই কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া কমিশনার বলেন, আগামী ২৩ অক্টোবর শুক্রবার দুর্গা পূজার প্রতিমা বিসর্জন ও পবিত্র আশুরার তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। ঐদিন প্রতিমা বিসর্জন দুপুর দুইটা থেকে ছয়টার মধ্যে করতে হবে। এরপর সন্ধ্যা সাতটা থেকে শনিবার দিবাগত রাত পর্যন্ত তাজিয়া মিছিল শুরু হবে।
তিনি বলেন, ঢাকার দুটি স্থানে প্রতিমা বিসর্জনের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো পুরান ঢাকার ওয়াইজ ঘাট ও উত্তরার বিআইডব্লিউটিএ’র ল্যান্ডিং স্টেশন। এর মধ্যে যারা ওয়াইজ ঘাটে প্রতিমা বিসর্জন দেবেন তাদের সকাল ১০ থেকে সাড়ে ১০টার মধ্যে ঢাকেশ্বরী মন্দিরে জড়ো হতে হবে। জুমার নামাজ থাকায় বেলা ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা করা যাবে না।
ডিএমপি কশিনার বলেন, দুইটি ধর্মীয় অনুষ্ঠানে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট কোনো হুমকি নেই। তবে পুলিশ কোনো কিছুকেই খাটো করে দেখছে না। সবকিছু বিবেচনায় নিয়ে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে।